গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাওনা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল দিবাগত মধ্যরাতে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। নিহতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। সোলেমান কেরানীগঞ্জে ব্যবসা করতেন এবং কাওসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কর্মসূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান নিহতদের স্বজন মোহাম্মদ আলী শান্তর বরাত দিয়ে জানান, চার বন্ধু সোলেমান, কাওসার, আরিফ ও সাজ্জাদ দু’টি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। রাতের দিকে তারা শ্রীপুরের সীমান্তবর্তী জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক কাওসার ও সোলেমানকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। নিহতদের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
