১৭ বছর পর জট কাটলো চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির

১৭ বছর পর জট কাটলো চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির

ফন্ট সাইজ:

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির স্থবিরতা কাটলো। সম্প্রতি সংস্থাটির ৩২ জন কর্মকর্তা ও ২১০ জন কর্মচারীসহ মোট ২৪২ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি কার্যকর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি না হওয়ায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছিল। নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলম দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন। তার উদ্যোগে দীর্ঘ ১৭ বছরের অচলাবস্থার অবসান হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে কর্মোদ্যম সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, পদোন্নতিপ্রাপ্ত ৩২ কর্মকর্তার মধ্যে রয়েছেন ১২ জন নির্বাহী প্রকৌশলী, চারজন সহকারী প্রকৌশলী, তিনজন উপ-সচিব, দু’জন তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এ ছাড়া ২১০ জন কর্মচারীর মধ্যে ৪০ জন মিটার পরিদর্শক, ১৯ জন পাম্প অপারেটর এবং বিভিন্ন শ্রেণির আরও অনেক কর্মচারী পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নওশাদ, সহ-সভাপতি মো. ওমর, মো. জামাল উদ্দিনসহ পদোন্নতিপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শ্রমজীবী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পদোন্নতি নিশ্চিত করায় তারা ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞ। তিনি আশা করেন, ভবিষ্যতেও কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একই ধারা অব্যাহত থাকবে। ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নওশাদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পদোন্নতি না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেয়ার পর অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান করায় কর্মকর্তা-কর্মচারীদের মুখে হাসি ফিরেছে। তিনি বলেন, এই পদোন্নতি শুধু দীর্ঘদিনের বঞ্চনার অবসানই ঘটায়নি, বরং প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, সেবার মান এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের আগ্রহ আরও বাড়াবে।

পদোন্নতি পাওয়া সহকারী সচিব শহিদুল আলম বলেন, অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি পাওয়াটা তার জন্য বড় প্রাপ্তি। তিনি নতুন ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, দীর্ঘদিন পর পদোন্নতির সুযোগ পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বেড়েছে। তারা এখন আরও বেশি উদ্দীপনা নিয়ে দায়িত্ব পালন করবেন, যা ওয়াসার সার্বিক কার্যক্রম এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করছি। দীর্ঘদিন বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পদোন্নতি দিতে পেরে আমি নিজেও আনন্দিত। ভবিষ্যতেও প্রতিষ্ঠান ও কর্মীদের স্বার্থে একইভাবে কাজ করে যাবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন