ডুয়েটের সঙ্গে ইউজিসি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ফন্ট সাইজ:

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সঙ্গে আবাসিক ভবন নির্মাণের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি কর্মচারীদের আবাসন সংকট নিরসনে ১৪ তলা বিশিষ্ট এই ভবন নির্মাণের জন্য প্রকল্পের ধারণাপত্র, বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি), স্থাপত্য ও কাঠামোগত নকশা ডুয়েটের কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিসেসের (সিআরটিএস) মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে প্রণয়নের লক্ষ্যে গতকাল আগারগাঁওস্থ ইউজিসি কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা কমিশনের অন্যতম অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে ডুয়েটসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ইউজিসি যে আস্থা রেখে ডুয়েটকে প্রকল্পটির দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। নির্ধারিত সময়ের মধ্যেই ডিপিপিসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সভায় জানানো হয়, জি-টু-জি পদ্ধতিতে আগামী দুই বছরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ করে বসবাসের উপযোগী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এতে পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী নকশা এবং আধুনিক স্থাপত্যশৈলী অনুসরণ করা হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর প্রমুখ এবং ডুয়েটের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, চেয়ারম্যান (সিআরটিএস) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বায়েজীদ ইসমাইল চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. খসরু মিয়া, একই বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেন, পরিচালক (যানবাহন) অধ্যাপক ড. নাঈম মো. লুৎফুল হক, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক জোয়ার্দ্দার হাফিজ উল্লাহসহ ইউজিসি ও ডুয়েটের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন