শিবচরে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুইজনের মৃত্যু
স্বজনদের আহাজারী

শিবচরে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুইজনের মৃত্যু

ফন্ট সাইজ:

মাদারীপুর জেলার শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে বিথী আক্তার রিমি (৩৫) ও আয়শা আক্তার (৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি। একটা বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন তারা। শুক্রবার দুপুরে উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আয়শা ওই এলাকার হারুন মাদবরের মেয়ে এবং বিথী আক্তার খায়রুল মাদবরের স্ত্রী। তারা সম্পর্কে চাচি-ভাতিজি। দুর্ঘটনায় আহতরা হলেন- ভ্যানচালক লিটন (১৯) ও যাত্রী নিহত আয়শার মা মাহিমা আক্তার। গুরুতর অবস্থায় ভ্যানচালক লিটনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এ ছাড়াও ভ্যানে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। তারা সকলেই দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার বাসিন্দা। জানা গেছে, শুক্রবার দুপুরে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন রিমি বেগম ও তার ৯ বছর বয়সী ভাতিজি আয়শাসহ তাদের পরিবার। দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি মোড়ে এলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভ্যানটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয় যাত্রীরা।

পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে বিথী ও আয়শাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয়রা জানান, ‘আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে কাভার্ডভ্যানটি চলছিল। সড়কের মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন