কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার গাছ কাটায় বাধা দেয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নুরুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। শুক্রবার ১১টার দিকে উপজেলার খুঁটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ওই এলাকার আলী হোসেনের ছেলে। নিহত নুরুল পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মেম্বার নাছির উদ্দিন বলেন, সকালে আব্দুর রহিম তার পৈতৃক বসতভিটার বিক্রির উদ্দেশ্যে গাছপালা কাটা শুরু করেন।
এ সময় বাড়ির লোকজন নুরুলকে খবর দেন। এরপর তিনি এসে ছোট ভাইকে গাছ না কাটার জন্য বাধা দিলে, দুই ভাইয়ের কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
