রাঙ্গামাটি শহরে বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। গতকাল দিবাগত মধ্যরাতে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার এবং কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার জলমনি চাকমা (৪৯) এবং বিলাইছড়ির উপজেলার নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৯)। পুলিশ জানায়, গোপন সংবাদে কোতোয়ালি থানার আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে তাদের রিমান্ডের আবেদন করা হবে।
