বিসিবি’র নতুন দায়িত্বে আসিফ আকবর

বিসিবি’র নতুন দায়িত্বে আসিফ আকবর

ফন্ট সাইজ:

দেশের ক্রিকেটাঙ্গনে এখন ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা। এর মধ্যেই গত রোববার বিসিবি’র পরিচালনা পর্ষদ একটি ভার্চ্যুয়াল সভায় বসে। সেই সভায় বিসিবি’র গুরুত্বপূর্ণ বিভাগ ‘গেম ডেভেলপমেন্ট’-এর নতুন চেয়ারম্যান হিসেবে আসিফ আকবরের নাম চূড়ান্ত করা হয়। বিসিবি’র একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করে। বিসিবি’র সর্বশেষ নির্বাচনে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর হয়ে পরিচালক নির্বাচিত হন ইশতিয়াক সাদেক। এরপর তাকে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব দেয়া হয়। তবে দায়িত্ব নেয়ার মাত্র কয়েক মাসের মাথায় গত ২২শে ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। যদিও তার পদত্যাগপত্র বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। তবে সেই শূন্যস্থানে আসিফ আকবরকে দায়িত্ব দেয়া হয়েছে। ইশতিয়াক সাদেকের পদত্যাগ নিয়ে ক্রিকেটপাড়ায় নানা গুঞ্জন থাকলেও তিনি সময় স্বল্পতাকে বড় কারণ হিসেবে দেখান। ব্যক্তিগত ব্যস্ততার কারণে গেম ডেভেলপমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগের কাজে ঠিকভাবে সময় দিতে পারছিলেন না বলে জানান তিনি। আর সেই দায়বদ্ধতা থেকেই ইশতিয়াক সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার পর আসিফ আকবরকে শুরুতে বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব দেয়া হয়। বয়সভিত্তিক ক্রিকেটের সেই দায়িত্ব বুঝে নেয়ার পর গেম ডেভেলপমেন্টের মতো বড় দায়িত্বও তার কাঁধে তুলে দিলো বিসিবি। ফলে এখন থেকে বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নের কাজও তদারকি করবেন তিনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন