আলীকদমে হামে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান

আলীকদমে হামে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান

ফন্ট সাইজ:

বান্দরবানের আলীকদমে দুর্গম পাহাড়ি এলাকায় হাম রোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। এ সময় তিনি পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি হামে মারা যাওয়া শিশুদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকার ইয়াংরিং কারবারি ও বিদ্যামনি পাড়া পরিদর্শন করেন তিনি। সেখানে হামে আক্রান্ত ১৮৩টি পরিবারের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ শিশুর পরিবারকে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ত্রাণ বিতরণ শেষে স্থানীয় ম্রো সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, পোয়ামুহুরী এলাকার হামে আক্রান্ত পরিবারগুলোর এই দুর্যোগে সরকার ও প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে।

এর আগে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে প্রায় ৮ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে আলীকদম উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাচপ্রু, নেজাম উদ্দীন চৌধুরী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম, বান্দরবান শ্রমিক দলের নেতা আবু তাহের, বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং হামে আক্রান্ত পরিবারের সদস্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন