জয়ের উল্লাসে ঝুলতেই ভেঙে পড়লো গোলপোস্ট প্রাণ গেল তরুণের

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের হালিশহরে ফুটবল ম্যাচে জয়ের উল্লাস করতে গিয়ে গোলপোস্ট ভেঙে বুকের ওপর পড়ে মাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে হালিশহর থানাধীন বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিদুল পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া গ্রামের রাসেল গাজীর ছেলে। জীবিকার তাগিদে তিনি চট্টগ্রাম নগরে থেকে রংমিস্ত্রির কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বন্ধুদের সঙ্গে বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল।

খেলা শেষে তাদের দল জয়লাভ করলে সবাই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। একপর্যায়ে মাহিদুল আনন্দ প্রকাশ করতে গোলপোস্টের উপরের লোহার বারে ঝুলে থাকার চেষ্টা করেন। তবে দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ গোলপোস্টটি তার শরীরের ভার সহ্য করতে না পেরে হঠাৎ উপড়ে যায়। এতে মাহিদুল মাটিতে পড়লে ভারী লোহার গোলবারটি সরাসরি তার বুকের উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হলে তার দুলাভাই মো. রবিউল ও খালাতো ভাই মোহাম্মদ মনির দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলপোস্ট ভেঙে বুকের ওপর পড়ে গুরুতর আঘাত পাওয়ায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন