ময়মনসিংহের তারাকান্দায় রংসা নদীতে ৫ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ফলে ব্রিজ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। জানা যায়, উপজেলার তারাকান্দা ইউনিয়নের ধলিরকান্দা, গালাগাঁও ইউনিয়নের দর্জিগাতী, নন্দিপুর, চড়ার কান্দা ও শাসি কান্দা গ্রামের মানুষের ভরসাই এই সাঁকো। সরজমিন দেখা গেছে, তারাকান্দা ও গালাগাঁও ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে গেছে রংসা নদী।
নদীতে শুকনা মৌসুমে পায়ে হেঁটে পারাপার হতে পারলেও বর্ষাকালে বাঁশের সাঁকোই ভরসা। নদীর ওপারে ধলিরকান্দা বাজারসহ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া এপারে দর্জিগাতী দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই সাঁকো থেকে পড়ে আহত হয়েছেন। ফলে তারাকান্দা ইউনিয়নের ধলিরকান্দা বাজার সংলগ্ন ও দর্জিগাতী গ্রামের মাঝে রংসা নদীর উপর ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর।
