নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ফন্ট সাইজ:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী প্রধানঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৪৬/১-এস থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রধানঝিরি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় কয়েকজন চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি’র টহল দল তাদের ধাওয়া দিলে তারা ১৬টি কার্টনে রাখা ইয়াবা ফেলে জঙ্গলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ১ লাখ ৬০ হাজার ৪ পিস এবং সবুজ রঙের ১ হাজার ৬০৪ পিস ইয়াবা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন