দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। যদিও এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবু মার্কিন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান।
২০২৩ সালে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে আলোচিত এই জুটির সম্পর্ক দ্রুত গভীর হয়। ২০২৫ সালের আগস্টে তারা বাগদানের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ চরমে পৌঁছায়।
নিউইয়র্কজুড়ে বিয়ের আমেজ
বিয়ের গুঞ্জনের মধ্যেই গত কয়েক দিন ধরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে চলছে ব্যাপক প্রস্তুতি। পাপারাজ্জিদের তোলা ছবিতে দেখা গেছে, ভেন্যুতে খাবার, সাজসজ্জার সামগ্রী ও বিভিন্ন সরঞ্জাম আনা হচ্ছে। প্রবেশপথে কার্পেট বিছানো, ছাদে বিশেষ কাপড়ের সাজ এবং ভেতরে বিশাল একটি দুর্গের আদলে মঞ্চ তৈরির খবরও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম।
এ উপলক্ষে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেন সংলগ্ন সড়ক বন্ধ রাখার অনুমতিও নেয়া হয়েছে বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, যদি কেউ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই ভেতরেই থাকবেন এবং ঠান্ডায় থাকবেন।
এক হাজারের বেশি অতিথি
মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন। অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে গোপনীয়তা রক্ষার (এনডিএ) চুক্তিপত্র পাঠানো হয়েছে। এমনকি অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা থাকবে বলে জানা গেছে।
বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি কেলসির কানসাস সিটি চিফস দলের সতীর্থ প্যাট্রিক মাহোমস ও তার স্ত্রী ব্রিটানি মাহোমস উপস্থিত থাকতে পারেন।
এ ছাড়া সুইফটের ঘনিষ্ঠ বন্ধু সেলেনা গোমেজ, লেনা ডানহ্যাম, জিজি হাদিদ, এমা স্টোন, জো ক্রাভিটজ, সাবরিনা কার্পেন্টার, গ্রেসি অ্যাব্রামস, হাইম বোনেরা এবং শৈশবের বন্ধু অ্যাবিগেইল অ্যান্ডারসন বেয়ারার্ডের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলসকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে ভ্যারাইটি জানিয়েছে। তবে সফরসূচির কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না।
অনুষ্ঠানসূচি
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মহড়াভোজ (রিহার্সাল ডিনার) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় অতিথিদের জন্য প্রবেশদ্বার খুলে দেয়া হবে। বিকেল ৪টায় ককটেল পর্ব শুরু হবে।
সন্ধ্যা সাড়ে ৫টায় মূল বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান, যা চলবে রাত ২টা পর্যন্ত।
গুঞ্জন রয়েছে, অনুষ্ঠানে কিংবদন্তি সংগীতশিল্পী স্টিভি নিকস ও টিম ম্যাকগ্রা বিশেষ পরিবেশনা করবেন।
কী পোশাক পরবেন সুইফট?
টেইলর সুইফটের বিয়ের পোশাক নিয়েও চলছে ব্যাপক আলোচনা। ফ্যাশন বিশেষজ্ঞদের ধারণা, তিনি অনুষ্ঠানের বিভিন্ন পর্বে একাধিক পোশাক বদলাবেন।
ভিভিয়েন ওয়েস্টউড, স্টেলা ম্যাককার্টনি কিংবা গিভঁশির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের ডিজাইন তার পছন্দের তালিকায় রয়েছে। ফলে তিনি কোন ডিজাইনারের পোশাক বেছে নেন, তা নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই।
ভক্তদের উন্মাদনা
এই বিয়েকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অনলাইন ভবিষ্যদ্বাণীমূলক প্ল্যাটফর্ম কালশি জানিয়েছে, সুইফট-কেলসির বিয়ে নিয়ে ইতোমধ্যেই ৪৫ লাখ ডলারের বেশি বাজি ধরা হয়েছে।
তবে এখনও একদল ভক্ত মনে করছেন, এত আয়োজনের আড়ালে হয়তো আরও গোপন কোনো পরিকল্পনা রয়েছে। তাদের ধারণা, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অনুষ্ঠানের আগেই হয়তো ছোট পরিসরে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেছেন এই তারকা যুগল।
যদিও সব জল্পনার অবসান ঘটবে শুক্রবারের অনুষ্ঠানেই। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত এখন অপেক্ষায়—টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনার।
