অধিকৃত পশ্চিম তীরের এক ফিলিস্তিনি পরিবারের স্বপ্নের বাড়ি নির্মাণ শেষ হওয়ার আগেই সেটি দখল করে নিয়েছে একদল ইসরাইলি বসতি স্থাপনকারী (সেটলার)। বাড়িটি ছিল মোহাম্মদ সালামেহর পরিবারের জন্য নির্মাণাধীন, যেখানে সম্প্রতি বাগদান হওয়া তার ছেলে বিয়ের পর নতুন জীবন শুরু করার কথা ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা গেছে, অন্তত ছয়জন ইসরাইলি সেটলার দুই তলা নির্মাণাধীন বাড়িটির ছাদে ঘোরাফেরা করছেন। বাড়িটি একটি পাহাড়ের নিচে অবস্থিত।
মোহাম্মদ সালামেহ জানান, ইসরাইলি সেনাবাহিনী ও পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো সহায়তা পাননি। এখন তার আশঙ্কা, পরিবারের বাড়িটি আর কখনও ফিরে পাওয়া যাবে না। একই পরিণতি আশপাশের অন্যান্য ফিলিস্তিনি বাড়িরও হতে পারে।
তিনি বলেন, শুধু আল্লাহই জানেন কী হবে। যদি সত্যিই আইন-শৃঙ্খলা বলে কিছু থাকে, তাহলে তারা চলে যাবে। কিন্তু যদি তারা একটি বাড়ি দখলে সফল হয়, তাহলে একের পর এক অন্য বাড়িগুলোও দখল করবে।
রয়টার্স দখলকারী সেটলারদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
বৃহস্পতিবারও তাদের একজনকে বাড়িটির ছাদে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ইসরাইলি পুলিশও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
পশ্চিম তীরে বাড়ছে বসতি ও সেটলার হামলা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখল নতুন কোনো ঘটনা নয়। বর্তমানে সেখানে প্রায় পাঁচ লাখ ইসরাইলি বসতি স্থাপনকারী প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির পাশাপাশি বসবাস করছেন।
বহু বছর ধরে ফিলিস্তিনিরা অভিযোগ করে আসছেন, বসতি সম্প্রসারণের অংশ হিসেবে তাদের কৃষিজমি নষ্ট করা, বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং গাছপালা উপড়ে ফেলার ঘটনা নিয়মিত ঘটছে।
জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে গত মাসে জানানো হয়, ২০২৩ সালের পর থেকে ফিলিস্তিনি গ্রাম ও কৃষিজমিতে ইসরাইলি সেটলারদের হামলা ১৩০ শতাংশ বেড়েছে।
সালামেহর গ্রামের নাম জালুদ। গ্রামের কাউন্সিল প্রধান রায়েদ আল-হাজ মোহাম্মদ বলেন, এবারের ঘটনাটি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এবার প্রথমবারের মতো নির্মাণাধীন একটি বাড়িই দখল করে নেয়া হয়েছে।
তিনি বলেন, সেটলাররা এখন জালুদের শেষ বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে নেমে এসেছে। ওই বাড়িটিও গ্রামের এক বাসিন্দার নির্মাণাধীন বাড়ি।
তার ভাষ্য অনুযায়ী, জালুদ গ্রাম ইতোমধ্যে অন্তত পাঁচটি বড় ধরনের সেটলার হামলার শিকার হয়েছে। এসব হামলায় বাড়িঘরে আগুন দেয়া, যানবাহন ভাঙচুর এবং শত শত গাছ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক আইন ও ইসরাইলের অবস্থান
জাতিসংঘ এবং বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। তাদের মতে, চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী দখলকৃত ভূখণ্ডে দখলদার রাষ্ট্রের বেসামরিক জনগণকে স্থানান্তর করা নিষিদ্ধ।
তবে ইসরাইল এই অবস্থান প্রত্যাখ্যান করে। দেশটির দাবি, পশ্চিম তীর একটি “বিতর্কিত ভূখণ্ড” এবং সেখানে হাজার হাজার বছর ধরে ইহুদিদের ঐতিহাসিক উপস্থিতি রয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনিরা পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে।
বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং সেটলারদের সহিংসতা দীর্ঘদিন ধরেই ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রচেষ্টার অন্যতম প্রধান বাধা। যুক্তরাষ্ট্রসহ ইসরাইলের ঘনিষ্ঠ মিত্ররাও বহুবার সেটলারদের সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেছে।
তবুও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বসতি সম্প্রসারণের গতি আরও বেড়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সরকারটি বসতিপন্থী কট্টরপন্থি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভরশীল।
যুদ্ধে থেমে যাওয়া স্বপ্ন
মোহাম্মদ সালামেহ জানান, ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর তার ছেলে কাজ হারিয়ে ফেলেন। এতে পরিবারের আর্থিক সংকট তৈরি হয় এবং বাড়ির নির্মাণকাজও থেমে যায়।
তিনি বলেন, আমাদের পাশের প্রতিবেশীও দুইতলা একটি বাড়ি নির্মাণ করেছেন। যদি আমরা এই বাড়িটি হারাই, তাহলে সম্ভবত তাদের বাড়িটিও তারা দখল করে নেবে।
