চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চুয়েট এমন একটি প্রতিষ্ঠান, যার শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, চুয়েট থেকে পাস করে শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্বকে আলোকিত করবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চুয়েটের আলো হয়ে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। শিক্ষার্থীদের মাঝ থেকেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠুক। আমি মনে করি, এই প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তোমরা পৃথিবীর মানচিত্রে নিজেদের কর্মের চিহ্ন রাখতে পারবে।
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিতে হবে। নিজেদের উন্নয়ন এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার পাশাপাশি প্রতিটি বিষয় গভীরভাবে অনুধাবন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি বলেন, পৃথিবী বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়; প্রয়োজন হবে বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, গবেষণার মনোভাব, যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং নৈতিক নেতৃত্ব। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বিশ্বমানের গবেষক, সফল উদ্যোক্তা, প্রযুক্তি উদ্ভাবক, শিল্পনেতা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহির আবসার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অনুমিতা দাশ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. গোলাম আজম ও মনিকা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রিয়ন্তি পাল টুম্পা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আজমল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
