২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি এবং রেজিস্ট্রেশন করা নিয়মিত প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছেন না। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন ঝরে পড়ার এ হার ৩৬ দশমিক ৪৩ শতাংশ। শিক্ষাবিদরা এটিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করলেও ভিন্ন কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে পরীক্ষা দিতে তাদের লেখাপড়াটা করতেই হবে। তারা ঠিকঠাক পড়ালেখা না করায় এবার পরীক্ষা দিচ্ছে না। গতকাল দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়ার সংখ্যাটা এসএসসি’র পর এইচএসসি বা দাখিলের পর আলিমে, এটার একটা স্বাভাবিক গতি ছিল। অনেক মেয়ের বিয়ে হয়ে যায়, অনেক ছেলেরা কাজে চলে যায়। এটার একটা সাধারণ মার্জিন (সীমা) সবসময় ছিল। এবার সেটা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। কারণ, শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে পরীক্ষা দিতে হলে লেখাপড়া করতেই হবে। অনেকে এবার ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেনি বিধায় ফরম পূরণ করেনি, পরীক্ষায়ও বসেনি।
তিনি বলেন, তারপরও আমরা এটা নিয়ে ভাবছি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ক্লাসরুমে শিক্ষকরা যাতে ভালোভাবে পড়াতে পারেন, মনিটরিং করতে পারেন, সেই কাজটা আমরা বাড়িয়ে দেবো। সিলেবাস, কারিকুলাম ও সময়Ñ সবকিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে দেবো। যেন আগামী দিনে এমন ভয়াবহ হারে ড্রপ আউট (ঝরে পড়া) না ঘটে। এ ঝরে পড়াটা আমাদের কাছে লক্ষণীয়। এটা নিয়ে আমরা কাজ করবো।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করে ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৪ লাখ ৯১ হাজার ৯৩২ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়। নিয়মিত শিক্ষার্থী হিসেবে তারা রেজিস্ট্রেশন করে। তবে তাদের মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় বসছে না; শতাংশের হিসাবে যা ৩৬ দশমিক ৪৩ শতাংশ।
ঝরে পড়েছে ৩৬ শতাংশ শিক্ষার্থী, বেশি কারিগরিতে: দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের তথ্যমতে, এসএসসি পাস করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তি ও রেজিস্ট্রেশন করে ১১ লাখ ৮৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। এক বছর পর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে তাদের মধ্যে ফরম পূরণ করেছে ৭ লাখ ৯৪ হাজার ৪৭৭ জন। নিয়মিত শিক্ষার্থী হওয়া সত্ত্বেও ফরম পূরণ করেনি ৩ লাখ ৯১ হাজার ৯৮৪ জন। শতাংশের হিসাবে ফরম পূরণ না করা শিক্ষার্থীর হার ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পাস করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তি এবং রেজিস্ট্রেশন করে এক লাখ ৩৯ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। তবে চলতি বছরের আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ৭৮ হাজার ২৬৯ জন। ফরম পূরণ করেনি ৬১ হাজার ৬৬০ জন। শতাংশের হিসাবে এ হার ৪৪ দশমিক শূন্য ৭ শতাংশ।
কারিগরি বোর্ডের অধীন ২০২৪ সালে এসএসসি পাস করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করে এক লাখ ৬৫ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মাত্র ৭৫ হাজার ১৯৭ জন। আর ঝরে গেছেন ৯০ হাজার ৩৪৫ জন। কারিগরিতে রেজিস্ট্রেশন করা নিয়মিত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৫৪ দশমিক ৫৮ শতাংশ।
