দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়েছে। প্রেসিডেন্টের কাছে সুপারিশ পাঠানোর উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি এ আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১৩ই জুলাই ২০২৬, সোমবার বিকাল ৪টার মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। তবে যেসব ব্যক্তি ইতিমধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের আইনটির ধারা ৮-এর উপধারা (১) অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে ধারা ৮-এর উপধারা (২)-এ উল্লেখিত অযোগ্যতার আওতায় থাকা কোনো ব্যক্তি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।
জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা বা চাকরি এবং অভিজ্ঞতার সুনির্দিষ্ট তথ্য (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে। এর সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সপক্ষে প্রয়োজনীয় সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত লিখতে হবে।’
জীবনবৃত্তান্ত বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র (গেট নম্বর-৫) অথবা মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, ভবন নম্বর-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকায় জমা দেয়া যাবে।
