লালমোহনে স্কুলছাত্রের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইব্রাহিম খলিল নয়ন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর হত্যাকারী আব্দুল্লাহ আল মানিক থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। মানিক উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকার আলাউদ্দিনের ছেলে এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সূত্রমতে, আব্দুল্লাহ আল মানিকের সঙ্গে একই শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। কিছুদিন আগে প্রেম সংঘটিত ঘটনা নিয়ে কলেজছাত্র ইব্রাহিম খলিল নয়নের সঙ্গে মানিকের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে ইব্রাহিম খলিল নয়নকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে স্কুলছাত্র আব্দুল্লাহ আল মানিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মো. আরমান ও মো. আশরাফ। এ সময় তাদেরকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মানিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরমান ও আশরাফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, ঘটনার পর কলেজছাত্র ইব্রাহিম খলিল নয়নের সহপাঠীরা থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা অপরাধীর দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। তার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ঘটনার মূল অভিযুক্ত আটক রয়েছে। এ ছাড়া সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
