সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা–২ বিষয়ের পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে ৯২ হাজার ৯০৫ জন। আর ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে।
