রাশিয়ার দুই দুঃসাহসী শিল্পী বুধবার নিউইয়র্ক সিটির বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং-এর সুউচ্চ চূড়ায় উঠে বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বড় ব্যানার উড়িয়েছেন। পরে সেখানেই একজন আরেকজনকে বিয়ের প্রস্তাব দেন। তবে এই অভিনব কাণ্ডের পর শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। কালো হাতাকাটা পোশাক পরে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো অভিযানের ভিডিও ধারণ করতে করতে অ্যানজেলা নিকোলাউ ও ভানিয়া বেয়ারকুস ভবনটির অ্যান্টেনা স্পায়ারের ওপর উঠে যান। ম্যানহাটানের রাস্তাঘাট থেকে প্রায় ১৪৫৪ ফুট উঁচুতে, লাল আলো জ্বলা চূড়ার কাছাকাছি তারা অবস্থান নেন। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা একটি কালো ব্যানার মেলে ধরেন। বাতাসে উড়তে থাকা ব্যানারটিতে সাদা বড় অক্ষরে লেখা- ‘ক্ষমতার প্রতি ভালোবাসাকে যখন ভালোবাসার শক্তি পরাজিত করবে, তখনই পৃথিবী শান্তি চিনবে।’
মাথা ঘুরিয়ে দেয়া বিয়ের প্রস্তাব
স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার কিছু পরে আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, তারা ধীরে ধীরে নিচের একটি প্ল্যাটফর্মে নেমে আসেন এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এরপর ভানিয়া বেয়ারকুস এক হাঁটু গেড়ে বসে অ্যানজেলা নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন। নিকোলাউ প্রস্তাবে সম্মতি দিলে দু’জন একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করেন। নিকোলাউকে তার পরিচিত ক্যাটওম্যান-ধাঁচের মাথার আবরণ পরা অবস্থায় দেখা যায়। এরপর তিনি নিজের হাতে থাকা আংটি দেখে মুগ্ধ হন এবং ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য সেটির ছবি তুলতে থাকেন। এই জুটি এবং তাদের ঝুঁকিপূর্ণ ছাদে ওঠার অভিযান, যা বর্তমানে রুফটপিং নামে পরিচিত, তা নিয়ে ২০২৪ সালে ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়।
গ্রেপ্তার করল পুলিশ
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এ সময় ওই ভবনের আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয়। পরে তারা জানায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওই জুটিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি চলছিল। তবে কী অভিযোগ আনা হবে, তা জানানো হয়নি। তারা কীভাবে এত উঁচুতে উঠতে সক্ষম হন, সেটিও স্পষ্ট নয়। ২০০১ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার পর থেকে এম্পায়ার স্টেট বিল্ডিংসহ নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে।
তীব্র তাপপ্রবাহে আক্রান্ত নিউইয়র্ক শহর ইতিমধ্যেই নানা আয়োজন নিয়ে সরগরম। সংগীতশিল্পী টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্রাভিস কেলসির বহুল আলোচিত বিয়ে নিয়ে জল্পনা চলছে। পাশাপাশি ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বড় জনসমাগমেরও প্রস্তুতি চলছে।
ভবন কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
আর্ট ডেকো স্থাপত্যশৈলীতে নির্মিত এম্পায়ার স্টেট বিল্ডিং বহু বছর বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল। পরে ১৯৬০-এর দশকে সেটি সেই মর্যাদা হারায়। ভবনটির ১০২তম তলায় থাকা আবদ্ধ পর্যবেক্ষণ ডেকে ওঠার জন্য পর্যটকদের কাছে টিকিট বিক্রি করা হয়। তবে এর ওপরে থাকা প্রায় ২০০ ফুট উঁচু অ্যান্টেনা স্পায়ারে ওঠার কোনো অনুমতি দর্শনার্থীদের দেয়া হয় না। কারণ সেটি অত্যন্ত বিপজ্জনক। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এক মুখপাত্র বুধবারের ঘটনাকে অননুমোদিত ঘটনা বলে উল্লেখ করেন। একই সঙ্গে রসিকতা করে বলেন, ওই জুটি চাইলে ভবনের ১ হাজার ডলারের ‘হ্যাপিলি এভার এম্পায়ার প্রোপোজাল প্যাকেজ’ ব্যবহার করে পর্যবেক্ষণ ডেক ভাড়া নিয়ে নিরাপদভাবেই বিয়ের প্রস্তাব দিতে পারতেন।
বাবার প্রতিক্রিয়া: এটা স্বাভাবিক
অ্যানজেলা নিকোলাউয়ের পরিবারেও দুঃসাহসিক কসরতের ঐতিহ্য রয়েছে। তার বাবা দিমিত্রি নিকোলাউ একজন রুশ সার্কাস শিল্পী। তিনি মেয়ের এই অভিযানের কথা জানতেন। একজন প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার মনে হয়, যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশে ভবনের ছাদে ওঠা স্বাভাবিক বিষয়। যে কোনো সংবিধান অনুযায়ীও এটি স্বাভাবিক। মেয়ের গ্রেপ্তার নিয়ে তিনি উদ্বিগ্ন কি না- এমন প্রশ্নের জবাবে বলেন, আমি কেন উদ্বিগ্ন হব? আমিও নিজে ভবনের ছাদে উঠি।
