আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ জনের মৃত্যু

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৯ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। বুধবার মন্ত্রিসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি বলেন, চলতি বছর বন্যায় ৫৯ জনের মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করছে। কয়েক দিনের রেকর্ডভাঙা মুষলধারে বৃষ্টির কারণে গত সোমবার আইভরি কোস্ট ও পার্শ্ববর্তী দেশ ঘানার রাজধানীতে আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা দেয়, যাতে মাত্র একদিনেই ২৪ জন নিহত এবং বহু মানুষ নিখোঁজ হন।

পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস (এপি)। গত সোমবার ঘানার রাজধানী আক্রা এবং প্রতিবেশী শহর টেমার বেশ কয়েকটি এলাকা বন্যার পানিতে সম্পূর্ণ তলিয়ে যায়। পুরো রাস্তাঘাট ও বহুতল ভবন জলমগ্ন হয়ে পড়ায় ওই অঞ্চলগুলো মূল শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে, আইভরি কোস্টের জাতীয় সংহতি বিষয়ক মন্ত্রী মিস বেলমন্ড ডোগো জানিয়েছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানী আবিদজানের আতকৌবে এবং ইয়োপুগন পৌরসভা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানেই অধিকাংশ মানুষ প্রাণ হারিয়েছেন।

সরকারের মুখপাত্র কুলিবালি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং সরকারি নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এমন প্রাণঘাতী বন্যা এখন একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আফ্রিকার দেশগুলোর ভূমিকা নগণ্য হওয়া সত্ত্বেও, জলবায়ু পরিবর্তনের চরম ও বিরূপ প্রভাবের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় রয়েছে এই মহাদেশটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন