ব্রাজিলের কুখ্যাত অপরাধী চক্র ‘প্রাইমিরো কোমান্দো দা কাপিতাল’ (পিসিসি)-এর সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্রাজিলিয়ান নাগরিক এবং তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে উদ্বেগ প্রকাশ করেছে ব্রাজিলের ক্ষমতাসীন লুলা ডি সিলভার প্রশাসন। ব্রাজিলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক সহযোগিতার সাধারণ নিয়মের বাইরে গিয়ে ওয়াশিংটনের এমন একতরফা পদক্ষেপ ভবিষ্যতে আরও কঠোর কোনো ব্যবস্থার ইঙ্গিত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফাক) এই চক্রটিকে পশ্চিম গোলার্ধের বৃহত্তম আন্তর্জাতিক অপরাধী সংস্থা হিসেবে চিহ্নিত করেছে।
এ খবর দিয়েছে গ্লোবো। মার্কিন এই নিষেধাজ্ঞার সরাসরি কোনো আইনি কার্যকারিতা ব্রাজিলের ভূখণ্ডে না থাকলেও, এর ফলে ব্রাজিলিয়ান ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো মার্কিন সেকেন্ডারি নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। ওফাকের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ভিক্টর হেনরিক ডি অলিভেইরা শিমাদা এবং তার সহযোগী স্টেলা স্টেফানি নুনেস ফ্লোরিডায় মাদক পাচারের কোটি কোটি ডলারের অবৈধ অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ব্রাজিলে পাচার করে আসছিলেন। এই নেটওয়ার্কের সাথে জড়িত থাকায় শিমাদার নিয়ন্ত্রণে থাকা তিনটি ব্রাজিলিয়ান আর্থিক ও নির্মাণ প্রতিষ্ঠান—ভিক্টরি ট্রেডিং, পিক্সওয়েভ এবং ওয়েভ ইন্টেলিজেন্ট কনস্ট্রাকশনসের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এই অপরাধী চক্রটি ফ্লোরিডা ছাড়াও বৃটেন, তুরস্ক এবং জাপানে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে, যা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।
