ট্রাম্পের ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর

ট্রাম্পের ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্ক অবশেষে ১০ শতাংশ হারে কার্যকর হয়েছে। যদিও তিনি এর আগে ১৫ শতাংশ আরোপের অঙ্গীকার করেছিলেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত বিস্তৃত আমদানি শুল্কের বড় অংশ স্থগিত করলে ট্রাম্প প্রথমে ১০ শতাংশ হারে শুল্ক আরোপের কথা বলেন। পরে শনিবার ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে বলে জানান।

তবে সরকারি নথিতে মঙ্গলবার থেকে ১০ শতাংশ হারেই শুল্ক কার্যকরের কথা জানানো হয়েছে। সেখানে শুল্ক বৃদ্ধির কোনো নির্দেশনা নেই। আন্তর্জাতিক পেমেন্ট ভারসাম্যের মৌলিক সমস্যার সমাধান এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক পুনর্বিন্যাসের লক্ষ্যে অস্থায়ীভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের এই শুল্ক হার বিশ্ব বাণিজ্যকে আগের বছরের তুলনায় আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিনিয়োগ ব্যাংক আইএনজি-এর বিশ্লেষক কার্স্টেন ব্রজেস্কি বলেন, দ্রুত পরিবর্তিত শুল্কনীতি ব্যবসা খাতে বিশৃঙ্খলা তৈরি করছে।

তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদাররা পাল্টা ব্যবস্থা নিতে পারে এবং আগের বছরের তুলনায় এবার পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের ঝুঁকি অনেক বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা দেশগুলোকে চুক্তিতে অটল রাখতে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, বাণিজ্য চুক্তি নিয়ে যারা টালবাহানা করবে তাদের ওপর আরও বেশি শুল্ক দেয়া হবে। এই হুমকিও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই শুল্ক আরোপ করা হয়েছে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ অনুযায়ী। যা কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ১৫০ দিন পর্যন্ত কার্যকর করতে পারেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন