স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চূড়ান্তই বড় চ্যালেঞ্জ

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চূড়ান্তই বড় চ্যালেঞ্জ

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাই শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে নেয়া হচ্ছে খোঁজখবর। প্রার্থী বাছাইয়ে বিগত আন্দোলন ও সংগ্রামে রাজপথে ভূমিকা রাখা নেতাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। দলের ত্যাগী নেতাদেরও মূল্যায়ন করা হবে প্রার্থী দেয়ার ক্ষেত্রে। দেখা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের নিজ এলাকায় জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার বিষয়। এসব কিছু যাচাই-বাছাই করে নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। তবে দলীয় প্রতীক না থাকায় বিদ্রোহী প্রার্থী নিয়ে দলের ভেতরে উদ্বেগ রয়েছে। অভ্যন্তরীণ এই কোন্দল সামলে একক প্রার্থী চূড়ান্ত করাই এখন বিএনপি’র প্রধান চ্যালেঞ্জ। ওদিকে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য কয়েকজন প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হয়েছে। তবে চূড়ান্ত প্রার্থী বাছাই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা হয় মানবজমিনের। তারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও ভোটে রাজনৈতিক দলের সমর্থন থাকে। সেজন্য অভ্যন্তরীণ কোন্দল কিছুটা হলেও দূর করা সম্ভব হবে। এজন্য ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দেয়া হবে। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে এলাকায় ব্যক্তির জনপ্রিয়তা দেখা হচ্ছে। এবার বিতর্কিতদের স্থান দেয়া হবে না এবং বিএনপি’র নাম ভাঙিয়ে যারা সুবিধা নিচ্ছে তাদের বিষয়েও দল সতর্ক রয়েছে।
অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনকে মাঠপর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনার সুযোগ হিসেবেও দেখছে বিএনপি। সূত্রটি জানায়, দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এজন্য নির্বাচনে প্রতিটি এলাকায় একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। এজন্য এসব নেতাদের মধ্যে কীভাবে সমন্বয় করা যায় সেটা নিয়ে দল কাজ করছে। অনানুষ্ঠানিকভাবে প্রতিটি এলাকায় একক প্রার্থী ঠিক করার কাজ চলছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও সূত্র জানিয়েছে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মানবজমিনকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন। কিন্তু বিএনপি এখনো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেনি। খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলে আলোচনা হবে।
ওদিকে বিএনপি সরকার গঠনের পর দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। ওই সময় থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় আদৌ কি স্থানীয় সরকার নির্বাচন হবে? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় সংসদ অধিবেশনে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোট শুরুর বিষয়ে সংসদেই ইঙ্গিত দেন মির্জা ফখরুল।

নামপ্রকাশ না করার শর্তে বিএনপি’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা পরিষদে যেসব দলীয় নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়, এরমধ্যে থেকে কয়েকজন স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। তবে সেটা নির্ভর করবে তাদের কাজের ওপরে। ইতিমধ্যে নিয়োগ পাওয়ার পর থেকেই তাদের কাজ মূল্যায়ন করা হচ্ছে। যারা ভালো কাজ করবেন তাদেরকে দল মূল্যায়ন করবে। দায়িত্বে থাকা প্রশাসকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন এমন ইঙ্গিতও মিলেছে নির্বাচন কমিশনের তরফে।

গত ৯ই মে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক করার বার্তা দেন প্রধানমন্ত্রী। এজন্য নেতাকর্মীদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের পরামর্শ দেন তিনি। বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেয়া হয়েছে।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, স্থানীয় পর্যায়ে যারা কাজ করেছেন, তাদের দল বিবেচনা করবে। এলাকায় যাদের জনপ্রিয়তা আছে, তাদেরকেই মূল্যায়ন করা হবে। এর বাইরে কাউকে দেয়া হবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন