চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে অবরোধের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি’র কর্মী মোহাম্মদ হারুন (৩৫)কে আটক করেছে পুলিশ। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে থানায় নেয়া হয়েছে। পুলিশ জানায়, আপিল বিভাগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে গত সোমবার উপজেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে অবরোধ করা হয়।
এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। এ ঘটনায় সড়ক অবরোধ ও গাছ কাটার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে ছোট দারোগারহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুনকে আটক করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে থানায় আনা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে হারুনকে আটকের খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোরসালিন, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, বিএনপি নেতা ফজলুল করিম চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী সীতাকুণ্ড থানায় গিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন এবং হারুনের মুক্তি দাবি করেন।
