কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৫৫ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ্থ্থ জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বিজিবি’র টহল দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মাদকদ্রব্য ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ভারতীয় ৮ বোতল মদ এবং ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে প্রাগপুর বিওপি’র ঘোনা নামক স্থানে বিজিবি মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। এ ছাড়াও মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কাজীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সিজার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
