কোকের বোতলে ঘাস নিধনের ওষুধ, পান করে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

নার্সারির ঘাস নিধনের তরল ওষুধ (বিষ) রাখা হয়েছিল কোকাকোলার বোতলে। কোক ভেবে তা পান করে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার বেলা ৩টার দিকে মারা যায় তিনি। নিহত ওই যুবকের নাম কোরবান আলী বাবু (৩৩)। তিনি নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলার বনপাড়া পৌর শহরে হারোয়া এলাকার বুনো নার্সারির একজন কর্মচারী ছিলেন। নিহতের মা সাফিয়া খাতুন জানান, গত ১৮ই জুন নার্সারিতে কাজ করার একপর্যায়ে রুমের মধ্যে রাখা কোকাকোলার বোতল থেকে বাবু পানীয় পান করে।

সে ভেবেছিল নার্সারির মালিক সুজন পাটোয়ারী তার জন্য কোক রেখেছে। তার কারণ এর দুইদিন আগেও মালিক তার জন্য ওই বোতলে কোক রেখেছিল এবং সে তা পান করেছিল। একই বোতলে মালিক ঘাস মারা ওষুধ রাখবে এমনটা সে কখনো মনেই করেনি। নার্সারির মালিক সুজন পাটোয়ারী জানান, ঘাস মারা ওষুধ পান করার পর দ্রুত তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিষ বের করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসার পর গত শনিবার তাকে নিজ বাড়িতে আনা হয় এবং বুধবার তার মৃত্যু হয়। নিহতের মা আরও জানান, গত দুই বছর আগে বিয়ে করে বাবু এবং তাদের ঘরে ৪০ দিনের এক কন্যাসন্তান রয়েছে। আমরা পরিবারের কেউই এই মৃত্যুর জন্য কাউকেই দায়ী করছি না। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, এই মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি এবং কারও কোনো অভিযোগ নেই বলে জেনেছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন