কলকাতায় বাংলাদেশের নতুন ডেপুটি হাইকমিশনার খালেদ

কলকাতায় বাংলাদেশের নতুন ডেপুটি হাইকমিশনার খালেদ

ফন্ট সাইজ:

ভারতের কলকাতায় পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। প্রায় দুই বছর ধরে কলকাতা মিশনের এই পদটি খালি থাকার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক সূত্র মানবজমিনকে জানিয়েছে, নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তা মো. খালেদকে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সূত্রের তথ্যমতে, ব্যক্তিগত প্রস্তুতি শেষ করে এ মাসেই কলকতায় নিজের দায়িত্বে যোগ দেবেন নতুন ডেপুটি হাইকমিশনার। মো. খালেদ একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে প্রতিবেশী মিয়ানমারের ইয়াঙ্গুন, পর্তুগালের লিসবন এবং গ্রিসের এথেন্সে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, বিমসটেক ও এসিডি উইং, পশ্চিম এশিয়া উইং, মধ্য এশিয়া ও আফ্রিকা উইং এবং ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

চব্বিশের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের পদটি খালি ছিল। গত দুই বছর ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালন করেন মিশনের হেড অব মিশন মোহাম্মদ আশরাফুল সিকদার। চলতি বছরের জুনে তার মেয়াদ শেষ হলে তিনি দেশে ফিরে আসেন। এরপর থেকে প্রথম সচিব (রাজনৈতিক) আয়েশা আখতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে আন্দালিব ইলিয়াস কলকাতায় সর্বশেষ পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার ছিলেন। পরে তিনি শ্রীলঙ্কায় বদলি হলে দীর্ঘ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে মিশনের কার্যক্রম পরিচালিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন