প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমীরের নির্বাচনি এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমীরের নির্বাচনি এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি আসন ঢাকা-১৫ এর চলমান বিভিন্ন সমস্যা সমাধানে ওই এলাকা সরেজমিনে পরিদর্শন এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার দিনব্যাপী পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় তারা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন, বিভিন্ন সমস্যা সম্পর্কে শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিরোধী দলের নেতার নির্বাচনী এলাকার চলমান সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে এ পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ-সংলগ্ন গলি, বাইশটেকী সরকার বাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা পানি ও গ্যাসের সংকট, বেহাল ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এবং ভাঙাচোরা সড়কসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের প্রতিটি এলাকার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলের নেতার উত্থাপিত সমস্যাগুলো আন্তরিকতার সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিরোধী দলীয় নেতার নির্বাচনী এলাকা যাতে উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে আমি টিম লিডার হিসেবে এলাকা পরিদর্শনে এসেছি।

তিনি আরও বলেন, আজ প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে একটি এলাকার সমস্যা সমাধানে কাজ করছে। জনগণের সহযোগিতায় এসব সমস্যার সমাধান করা হবে। জাতীয় স্বার্থে বিরোধী দলীয় নেতার সহযোগিতার মনোভাব প্রশংসার দাবিদার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন