ময়মনসিংহে বয়াম (কৌটা) কিনতে গিয়ে ফার্মেসির লোকজনের কেচির আঘাতে আহত হয়েছে মাসুম বিল্লাহ নামে এক পুলিশ সদস্য। এ সময় তার সঙ্গে থাকা ভগ্নিপতি আকরাম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর জনতা ব্যাংকের পেছনের গলিতে ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নারে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. জোবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিশ সদস্য পপুলার হাসপাতালের পাশের একটি হাসপাতালে তার মামার টিউমারের অপারেশন হয়। ওই টিউমার সংরক্ষণের জন্য কৌটা কিনতে মাসুম ও তার ভগ্নিপতি ওই দোকানে যান। কৌটা চাইলে দোকানি কৌটা দেন। কৌটা দেখে মাসুমের পছন্দ হয়নি। তাই তিনি কৌটা ফেরত দেন। তখন দোকানি বলে এই কৌটাই নিতে হবে। এ নিয়ে তাদের মাঝে ঝগড়ার একপর্যায়ে দোকানের লোকজন কেচি দিয়ে মাসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে মাসুম নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যান।
তখন ভগ্নিপতি আকরামকে একা পেয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসআই জোবায়দুল হক বলেন, রাত ১১টার দিকে পুলিশ সদস্যকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছিল। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আবার ৬ নম্বর ওয়ার্ডে পাঠিয়েছেন। মাসুমের শরীরের বিভিন্নস্থানে কেচির আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
