নেত্রকোণার কেন্দুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ৭২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। গত সোমবার রাতে কেন্দুয়া পৌরশহরের ওয়াশেরপুর গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় রুজু করা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, আসামিরা অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ভীতি ও সন্ত্রাস সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালান। এতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পদ-পদবি নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান রয়েছে বলে সূত্র জানায়। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
