সিলেটের সহকারী পুলিশ কমিশনার সোহেল কারাগারে

ফন্ট সাইজ:

প্রতারণা মামলায় কারাগারে পাঠানো হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিনকে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা শুনানি শেষে তার জামিন বাতিল করে এই আদেশ দেন। এর আগে মামলার বাদী সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী আদালতে আসামির জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১৯শে আগস্ট আপস করার শর্তে সোহেল উদ্দিন জামিন পেলেও তিনি বাদিনীর সঙ্গে কোনো মীমাংসা করেননি বা অর্থ ফেরত দেননি। বাদিনীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির পূর্বতন জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়Ñ ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর সোহেল ও তানজিনার মধ্যে পরিচয় এবং সম্পর্কের সূত্রপাত হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল উদ্দিন বিভিন্ন সময়ে বাদিনীর পরিবারের কাছ থেকে প্রায় ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানো এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত না দেয়ায় ২০২২ সালের ২৩শে নভেম্বর তানজিনা সাথী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। গত ৯ই জুন একই আদালত সোহেলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলার বিচার শুরু হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন