বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বন্দর বাজারে সরকারি একটি ভবন নির্মাণে বাধা এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোহেল ফরাজির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১১টায় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি নিয়ামতি বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জনসাধারণের সুবিধার্থে সরকারি উদ্যোগে ভবন নির্মাণের অনুমোদন অনেক আগেই দেয়া হলেও বিভিন্ন সময়ে নির্মাণকাজে বাধা সৃষ্টি করা হয়েছে। তাদের দাবি, সম্প্রতি স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের অর্থায়নে নির্ধারিত স্থানে বালু ভরাটের কাজ শুরু করলে সেখানেও বাধা দেয়া হয়। বক্তারা আরও অভিযোগ করেন, নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোহেল ফরাজির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
এতে ব্যক্তি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি এলাকার উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, আমরা উন্নয়নমূলক কাজে কোনো ধরনের বাধা চাই না। যারা ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এ সময় বক্তারা অভিযোগ করেন, অপপ্রচার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
