নিখোঁজের ৫০ দিন পর আওয়ামী লীগ নেতার রান্নাঘরে বৃদ্ধের লাশ, আটক ৪

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ আ’লীগ নেতা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি রান্নাঘরের মাটির প্রায় ৮ থেকে ১০ ফুট নিচে পুঁতে রাখা অবস্থায় ছিল। বুধবার ভোরে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত আওলাদ ওই গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। আটকরা হলেন, চাইনপাড়া গ্রামের কায়কোবাদ বেপারীর ছেলে মানিক বেপারী (৪০), মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে বিন আমিন (৩৬), মমিন আলীর ছেলে রিপন (৩০) এবং রংপুর জেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফ্‌ফার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৮)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ই মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ। এ ঘটনায় ২৩শে মে তার ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। এরপর দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজের খবর প্রচার করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ দু’টি বিয়ে করেছিলেন। এছাড়া পারিবারিকভাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল। সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন