চলমান বিশ্বকাপ সেমিফাইনাল সূচি নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর খবর, সেমিফাইনাল ১-এর ভেন্যু নির্ভর করবে কোন দলগুলো শেষ চারের টিকিট পাচ্ছে এবং সম্ভব্য ম্যাচগুলো কী কী, তার ওপর। বিশেষ করে, লঙ্কানরা সেমিতে গেলে তারা ঘরের মাঠেই ম্যাচ খেলার সুযোগ পেতে পারে।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শ্রীলঙ্কার প্রতিপক্ষ যদি ভারত না হয় এবং পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে না পারে, সেক্ষেত্রে সেমিফাইনাল-১ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। অর্থাৎ, ভারত ব্যতীত অন্য কোনো দলের বিপক্ষে শ্রীলঙ্কার খেলা পড়লে ম্যাচটি আয়োজন করবে কলম্বো। সুপার এইট পর্বের দল নির্ধারিত হওয়ার পর আইসিসি সংশ্লিষ্ট পক্ষগুলোকে যে বার্তা পাঠিয়েছে, সেখানে সেমিফাইনাল-১-এর ভেন্যু আপাতত ‘ফ্লোটিং’ বা ভাসমান সূচিতে রাখা হয়েছে।
এদিকে, শ্রীলঙ্কা এবং পাকিস্তান দু’দলই শেষ চারে না উঠতে পারলে পূর্বঘোষিত সূচি কার্যকর হবে। তখন সেমিফাইনাল-১ ও ২ গড়াবে যথাক্রমে কলকাতা ও মুম্বাইতে। সেক্ষেত্রে, সুপার এইটের গ্রুপ-১-এর চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ-২-এর রানার্সআপের সঙ্গে, এবং গ্রুপ-২-এর শীর্ষ দল মাঠে নামবে গ্রুপ-১-এর রানার্সআপের বিপক্ষে। ভারত সেমিফাইনালে উঠলে, তাদের প্রতিপক্ষ যে-ই হোক না কেন, তারা মুম্বাইতেই খেলবে। কেবল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পড়লে সেটি হবে কলম্বোতে। উল্লেখযোগ্য বিষয় হলো, সুপার এইট পর্বে শ্রীলঙ্কা ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। নিয়মানুযায়ী, তাদের মধ্যে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
এর আগে গত নভেম্বর মাসে ঘোষিত সূচিতে বলা হয়, পাকিস্তান সেমিফাইনালে উঠলে এবং পরে ফাইনালও নিশ্চিত করতে পারলে, তাদের ম্যাচগুলো কলম্বোতে স্থানান্তরিত হবে। তবে সে সময় শ্রীলঙ্কা শেষ চারে উঠলে কী হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আইসিসির নতুন ব্যাখ্যায় এবার সেই বিষয়টিই পরিষ্কার হলো। সব মিলিয়ে, লঙ্কানরা সেমিতে উঠতে পারলে এবং প্রতিপক্ষ হিসেবে ভারতকে এড়াতে পারলেই সুবর্ন সুযোগ পাবে। তখন ঘরের মাঠের সমর্থন নিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচের পথে হাটতে পারবে এবারর সহ-আয়োজক দেশটি।
