দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করবে শিক্ষা, প্রশিক্ষণ, পর্যটন ও বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম দীঘল এবং শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত স্টার্টআপ টেক অটোক্রাটস।
এ লক্ষ্যে বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। এতে দীঘলের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শফিকুল ইসলাম এবং টেক অটোক্রাটসের প্রধান নির্বাহী কর্মকর্তা আন নাফিউ স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে রোবোটিক্স, রোবট নির্মাণ এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষার ওপর ধারাবাহিক কর্মশালা, প্রশিক্ষণ ও অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্প ও প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
আয়োজকেরা জানান, এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ের রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবে। একই সঙ্গে তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশে সহায়তা করবে। তাদের লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী শিক্ষার বিস্তার ঘটানো।
দীঘলের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শফিকুল ইসলাম বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রোবোটিক্স এবং প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, কর্মশালা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।
টেক অটোক্রাটসের প্রধান নির্বাহী কর্মকর্তা আন নাফিউ বলেন, তাদের কার্যক্রম তরুণদের উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি রোবোটিক্স এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এই উদ্যোগ মাইলফলক হয়ে উঠবে।
দুই প্রতিষ্ঠান খুব শিগগিরই দেশব্যাপী রোবোটিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জাতীয় পর্যায়ের একটি রোবট নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করবে। ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
