ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুমন শেখ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। নিহত সুমন ভাঙ্গা পৌরসভার কাপুরিয়ার সদরদী এলাকার মিলন শেখের ছেলে ও ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসা করতো বলে জানা গেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভার কাপুরিয়া সদরদী গ্রামের মানুষের সঙ্গে পূর্ব হাসানদিয়া গ্রামের মানুষের বিরোধ চলে আসছিল।
যা নিয়েই ইতিপূর্বে সংঘর্ষ হলে পরবর্তীতে সালিশ বৈঠককে মীমাংসা হয়। গত মঙ্গলবার বিকালে কাপুরিয়া সদরদী গ্রামের বাসিন্দা আয়ানসহ তিন যুবককে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে উভয় পক্ষের লোকজন বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহতের চাচাতো ভাই জিহাদ মুন্সি জানান, সংঘর্ষের একপর্যায়ে সুমন চোয়ালে গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা বেগম জানান, দীর্ঘ সময় ধরে সংঘর্ষের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
