সাতক্ষীরার কালীগঞ্জে নিজ ঘের থেকে সঞ্জীব সরকার (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার ভোরে ঠেকরা-দক্ষিণ শ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত সঞ্জীব রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে সঞ্জীব তার বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে তার বাবা বাড়িতে ফিরে এলেও সঞ্জীব আর ফেরেননি।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গভীর রাতে স্থানীয়রা তার নিজস্ব মাছের ঘেরে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে বিষয়টি জানায়। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে তার ঘেরে মরদেহ ফেলে রাখা হতে পারে।
এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তার স্বজনরা। কালিগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
