উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবন তাইড় গ্রামে নাতি শাকিলের ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা গুরুতর আহতের ঘটনা ঘটেছে। শাকিল পবনতাইড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, শাকিল নিয়মিত মাদক সেবন করে তার বউকে শারীরিকভাবে নির্যাতন করতো। বাধ্য হয়ে তার বউ রাগ করে বাবার বাড়ি চলে যায়। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে শাকিল তার দাদা আব্দুল করিম (৭০) ও দাদি ফেরেজা বেগম (৬৫)কে বউ এনে দিতে বলে।
এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নাতি শাকিল (১৯) ধারালো অস্ত্র দিয়ে দাদা ও দাদিকে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দাদা আব্দুল করিম ও দাদি ফেরেজা বেগমকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাদি ফেরেজা বেগম মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দাদার অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকাবাসী নাতি শাকিলকে আটক করে থানায় সোপর্দ করেছে।
