ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছে ফারহান আখতার প্রযোজিত ছবি ‘বুং’। আতিশয্য বিহীন এই ছবির সাফল্যে খুশি গোটা বলিউড।শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
প্রধানমন্ত্রী মোদি সমাজ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘এই সিনেমার সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন। এটা সত্যি এক অপরিসীম আনন্দের মুহূর্ত। বিশেষ করে মণিপুরের জন্য। এই সিনেমা বিশ্ব মঞ্চে আমাদের দেশের অসাধারণ সৃজনশীল প্রতিভাকেও তুলে ধরল।’
ফারহানের এই সাফল্যে খুশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এক্স হ্যান্ডেলে গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে লিখছেন, ‘বাফটার মঞ্চে মণিপুরী ছবি বুং-এর সাফল্যে আমি অভিভূত। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে বেস্ট চিলড্রেন এন্ড ফ্যামিলি ফিল্ম বিভাগে এই পুরস্কার জয়। এই প্রথমবার কোনও ভারতীয় ছবি এই বিভাগে পুরস্কার জয় করল। গোটা টিমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, আপনারা গোটা বিশ্বকে গর্বিত করেছেন।
সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মীপ্রিয়া দেবী। এই বিভাগে মেগা বাজেটের তিনটি ছবিকে পেছনে ফেলে জয়ের হাসি হেসেছেন লক্ষীপ্রিয়া-ফারহান। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সস্ত্রীক ফারহান আখতার, লক্ষ্মীপ্রিয়া দেবী এবং রিতেশ সিধওয়ানি।
পুরস্কার হাতে নিয়ে পরিচালক লক্ষ্মীপ্রিয়া বলেন, ‘এই মঞ্চে দাঁড়িয়ে আমি মণিপুরে শান্তি ফেরার প্রার্থনা জানাচ্ছি। ছোট ছোট শিশুরা যাতে আবার তাদের সহজ সরল শৈশব ফিরে পায়, যাতে সকলের স্বপ্ন পূরণ হয় সেই প্রার্থনা করি। আমি এই মঞ্চকে অনেক ধন্যবাদ জানাই, এই স্বীকৃতি আমাদের কাছে পুরস্কারের থেকেও অনেক বেশি আশার আলো।’
