ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বকাপে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। সেখানে অবকাশযাপনের বেশ কয়েকটি ছবি সামাজিক যাগাযোগমাধ্যমে শেয়ার করে আবারো আলোচনায় এসেছেন তিনি। ইনস্টাগ্রামে প্রায় ৭ কোটি ৫০ লাখ অনুসারীর জন্য সোমবার একগুচ্ছ ছবি প্রকাশ করেন জর্জিনা। ছবিগুলোতে তাকে সমুদ্র সৈকতে সময় কাটাতে এবং মিয়ামির বিভিন্ন মনোরম স্থান উপভোগ করতে দেখা যায়। ছবিগুলোর সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, মিয়ামি বিচ। জর্জিনার পোস্টের মন্তব্যের ঘর দ্রুতই তার অসংখ্য ভক্তের প্রশংসায় ভরে যায়। একজন লিখেছেন, ‘দারুণ!’ আরেকজনের মন্তব্য, ‘অবিশ্বাস্য!’ আরেকজন লিখেছেন, ‘কী সুন্দর!’ অন্য একজন মন্তব্য করেন, ‘অসাধারণ সুন্দর ও মার্জিত।’ আরেক ভক্ত লিখেছেন, ‘দুর্দান্ত!’
ধারণা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই জর্জিনা টরন্টোতে যাবেন। সেখানে রাউন্ড অব ৩২-এ পর্তুগাল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। প্রায় এক দশক ধরে সম্পর্কে থাকা জর্জিনা ও রোনালদো আগামী সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। ৪১ বছর বয়সী রোনালদো গত বছরের আগস্টে প্রায় ৩৭ লাখ পাউন্ড মূল্যের একটি হীরার আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। এলে ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে জর্জিনা তার বাগদানের আংটি সম্পর্কে বলেন, এটি অসাধারণ সুন্দর। দশ বছর অপেক্ষার পর অন্তত এতটুকু তো সে আমাকে দিতেই পারতো। জর্জিনা আরও বলেন, সত্যি বলতে, যখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন বিষয়টি আমার কল্পনাতেও ছিল না। তিনি বলেন, সে আমাকে যে বিশাল হীরার আংটিটি দিয়েছিল, সেটি দেখে স্বাভাবিক হতে আমার অনেক সময় লেগেছে। জর্জিনার ভাষায়, আমি এতটাই বিস্মিত হয়েছিলাম যে, আংটিটি নিজের ঘরে রেখে দিই। পরদিন সূর্যের আলোয় না দেখা পর্যন্ত সেটি আর খোলাই হয়নি।
এদিকে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে। ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোও এখনো দারুণ ছন্দে রয়েছেন। অনেকের ধারণা, এটি হতে পারে তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
