জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকার যদি ৯ তারিখের আগে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দেয়—তাহলে দাবি আদায় করে ছাড়বো।’ শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধসহ ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো দলীয় ও ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামি নাই। এগুলো জনগণের দাবি। ৭ দফার মূল দফা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন। এই একটি দফা বাস্তবায়ন না হওয়ায় বাকি ৬ দফা এসেছে। বিএনপি জাতির গণরায়কে উপহাস করেছে, ঐতিহাসিক প্রতারণা করেছে। বিএনপি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি।’
প্রধান মন্ত্রীর জাপান সফরের প্রসঙ্গে তিনি বলেন, ‘কী জন্য গিয়েছিলেন, কী করে এসেছেন—জাতির সামনে তাকে এটা খোলাসা করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কী না—জাতি তা পরিষ্কার জানতে চায়।
কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারো কাছে ইজারা দেওয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে।’
তিনি আরও বলেন, ‘‘৯ তারিখ সংসদ বসার আগেই নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে ঘোষণা দিন যে—‘আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন করব’।
যদি এই ঘোষণা আপনারা দেন, তাহলে পরবর্তী আর কোনো কর্মসূচি আপাতত বিরোধীদলের নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি তা না দেন, তাহলে আমরা আগে যেমন বলেছি আজও বলছি—জনগণের এই দাবি, ৭০ ভাগ মানুষের ভোট, এই দুইটাকে ইনশাআল্লাহ আমরাও অপমানিত হতে দেব না। আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ! আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে।’
