প্রতি বছরই বাজেট পাসের পর নৈশভোজের রেওয়াজ রয়েছে। এই নৈশভোজের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊধর্বতন কর্মকর্তা, সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এবার বাজেট পরবর্তী নৈশভোজের আয়োজন করা হচ্ছে না। ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে এবার নৈশভোজও বাতিল করা হয়েছে। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।
ওদিকে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের পাসের প্রক্রিয়ায় জাতীয় সংসদে কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল পৌনে ১০টার থেকে পুরোটা সময় সংসদে উপস্থিত থেকে বাজেট পাসের প্রক্রিয়ায় অংশ নেন।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সকাল পৌনে ১০টায় সংসদে যান। প্রথম থেকে তিনি অধিবেশন কক্ষে ছিলেন। বাজেটের মঞ্জুরী দাবির ওপর ভোট গ্রহণ প্রক্রিয়াসহ আইন প্রণয়ন কার্যাবলীতে অংশ নেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বিরতির সময়ে প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজ সেরেছেন এবং জরুরী গুরুত্বপূর্ণ ফাইল সই করেছেন।
তিনি জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে এবার বাজেট পরবর্তি নৈশভোজও বাতিল করা হয়েছে। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।
প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব বলেন, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের আপ্যায়ন খাতে প্রতিবছর ব্যয় হয় গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও দেখা গেছে প্রতি বছরে ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। যেমন ২০১৮-১৯ অর্থ বছরে এই খাতে খরচ হয়েছিলো ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা। বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের খাবার সরবারহ করতো। বিগত সরকারের সময়ে এই বিশাল অংকের টাকা এখন বাকি রয়ে গেছে। যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পরে আপ্যায়ন ভাতা কাটছাট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা। এছাড়া দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।

হারুন আল রশিদ
২ ঘন্টা আগেএইতো, বিবেচনায় সাশ্রয় চিন্তা থাকলে অপচয় রোধ ও কৃচ্ছ সাধন সবই হয়। সহস্র অভিবাদন!