নতুন বিধান আসছে বৃটেনে

স্থায়ী হতে এসাইলাম প্রাপ্তদের দিতে হবে ১০ হাজার পাউন্ড

ফন্ট সাইজ:

বৃটেনে এসে অ্যাসাইলাম আবেদন করে কৃতকার্য অভিবাসীকে পরবর্তীতে স্থায়ী হতে সরকারকে ১০ হাজার পাউন্ড দিতে হবে- এমন নতুন বিধান চালু করতে যাচ্ছে দেশটির সরকার। অ্যাসাইলাম বা আশ্রয় প্রাপ্ত অভিবাসীকে সরকারি আবাসন ও ভরণপোষণ বাবদ ব্যয় হওয়া অর্থের একটি অংশ ফেরত দিতে হবে বলে নতুন বিধানের ঘোষণায় জানা গেছে। বিধান আসন্ন ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারের ঘোষণা অনুযায়ী , যেসব অভিবাসীর অ্যাসাইলাম আবেদন যাচাই বাছাই ও প্রমাণের ভিত্তিতে কৃতকার্য হবে এর পর থেকে তারা কর্মক্ষেত্রে যোগদান করবেন। কাজ অনুযায়ী নির্ধারিত পরিমাণ আয় করবেন। এমন ব্যক্তি বা অভিবাসীর কাছ থেকে প্রায় ১০ হাজার পাউন্ড সরকার আদায় করবে। তবে উক্ত অর্থ কিস্তির মাধ্যমে পরিশোধ করার সুযোগ পাবেন ওই অভিবাসীরা।

নতুন নিয়ম অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের অ্যাসাইলাম পর্ব শেষ হয়ে যাওয়ার পর স্থায়ীভাবে বৃটেনে বসবাসের জন্য আবেদন করার আগে এই অর্থ পরিশোধ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, "আশ্রয়প্রার্থীদের সহায়তা পাওয়া একটি অধিকার, তবে এর সঙ্গে দায়িত্বও রয়েছে। যখন তারা উপার্জন করে সমাজে অবদান রাখার সক্ষমতা অর্জন করবেন, তখন ব্রিটিশ জনগণের উদারতার প্রতিদান হিসেবে তাদের এই অর্থ পরিশোধ করা উচিত।"
সরকার জানিয়েছে, একটি নির্ধারিত আয়ের বেশি উপার্জন করলে কর্মরত আশ্রয়প্রাপ্তদের কাছ থেকে এককালীন নির্ধারিত প্রায় ১০ হাজার পাউন্ড কিস্তিতে আদায় করা হবে। তবে কত আয় করলে এই অর্থ পরিশোধ বাধ্যতামূলক হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আইনটি কার্যকর হলে ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন অনুযায়ী অর্থের পরিমাণ এবং আয়ের সীমা পরিবর্তনের ক্ষমতা রাখবেন।
সরকারের দাবি, এসব সিদ্ধান্ত এমনভাবে নেওয়া হবে যাতে একদিকে করদাতাদের স্বার্থ রক্ষা হয় এবং অন্যদিকে কোনো অভিবাসী চরম আর্থিক সংকটে না পড়েন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন