বুলবুলের চিঠি নিয়ে ফারুকের চ্যালেঞ্জ

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)র সাবেক সভাপতি ফারুক আহমেদ গতকাল আইসিসি’র কাছে পাঠানো আমিনুল ইসলাম বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলেছেন। ২০২৪ এ দেশের ‘জুলাই’ আন্দোলনের পর বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফারুক। কিন্তু মাঝপথেই তাকে সরিয়ে দেয়া হয়। এরপর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যখন নতুন বোর্ড গঠন করেন, তখন ফারুক সহ-সভাপতি হিসেবে সেখানে যোগ দেন। তবে সেই কমিটিও মেয়াদ শেষ করার আগেই ভেঙে যায়। বর্তমানে বোর্ডে তামিম ইকবালের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি কাজ করছে। এরই মধ্যে সাবেক সভাপতি বুলবুল আইসিসির কাছে বিসিবির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

সাবেক সভাপতি বুলবুলের এই চিঠি পাঠানোর খবর প্রকাশ হতেই দেশের ক্রিকেট পাড়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। তবে এই চিঠির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ফারুক। নিজেকে এই বিতর্ক থেকে দূরে রেখে ফারুক গতকাল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আইসিসিকে চিঠি দেয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। জানি না মানে একদমই জানি না। পুরোটা পড়ে দেখারও সময় ছিল না, ব্যস্ত ছিলাম। এ ব্যাপারে আমি কিছুই জানি না, আপনাদের পরিষ্কার করার জন্য বলে দিচ্ছি।’ দেশের ক্রিকেটে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে একটি মহল। ফারুক মনে করেন, একটি স্বার্থান্বেষী চক্র তাকে সব সময় নানা বিতর্কের জালে জড়ানোর ষড়যন্ত্র করে থাকে। চিঠি পাঠানোর সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরও অহেতুক তার নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অতীতে নিজের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে ফারুক জানান, যখন তাকে বোর্ডের সভাপতির পদ থেকে সরানো হয়েছিল, তখনও তিনি কোনো ধরনের অন্যায় অভিযোগ বা চিঠি আইসিসিকে পাঠাননি। আইসিসির কাছে পাঠানো এই বিতর্কিত পত্রে বুলবুলের স্বাক্ষর থাকলেও তার কোনো সই বা সমর্থন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক এই সহসভাপতি। তিনি বলেন, ‘এই চিঠিতে আলাদা কোনো সই করিনি। কেউ যদি বের করে দিতে পারে, তাকে চ্যালেঞ্জ করছি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন