অলিম্পিকে ক্রিকেটে যেভাবে খেলতে পারে বাংলাদেশ

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যৌথভাবে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। অলিম্পিক মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে খেলার স্বপ্ন এখন টাইগারদের চোখের সামনে। তবে লস অ্যানজেলেস অলিম্পিকে ক্রিকেটের মূল পর্বে খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পার হতে হবে বাছাইপর্বের কঠিন পরীক্ষা। স্বাগতিক যুক্তরাষ্ট্র সরাসরি সুযোগ পেলেও বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে লড়তে হচ্ছে কোয়ালিফায়ারে। বর্তমান আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে।

ফলে সরাসরি খেলার টিকিট না পেলেও কোয়ালিফায়ার খেলার সুযোগ পাচ্ছে লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা। গতকাল এ খবর জানাজানি হতেই সমর্থকদের মাঝে শুরু হয়েছে জল্পনা। ক্রিকেটবোদ্ধাদের মতে, বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা চলবে না। ক্রিকেটের এই অলিম্পিকযাত্রা কতটা সফল হবে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আইসিসি ও আইওসি-র নিয়ম অনুযায়ী পুরুষ ও নারী উভয় বিভাগেই ৬টি করে দল অংশ নেবে এই মেগা ইভেন্টে। এশিয়া অঞ্চল থেকে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে একটি দল সরাসরি সুযোগ পাবে।

অলিম্পিকে অংশ নেয়া প্রতিটি দল ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে মাঠে নামবে। ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল স্বর্ণপদকের ম্যাচে মুখোমুখি হবে। আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল লড়বে ব্রোঞ্জ পদকের জন্য। অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। লিটনরা যদি নিজেদের সেরাটা দিয়ে কোয়ালিফায়ার বাধা টপকাতে পারেন, তবে অলিম্পিক মঞ্চে লাল-সবুজের পতাকা উড়বে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন