কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর মৃতদেহ দেশে ফিরছে আজ

ফন্ট সাইজ:

কাতারের রাজধানী দোহার শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃতদেহ আজ সকালে সিলেট পৌঁছাবে। কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ২১শে জুন সকালে শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন।

নিহতরা হলেনÑ আব্দুল কাদির, মোস্তাক আহমেদ আফনান, জুবায়ের আহমেদ, জসিম উদ্দিন ও জিবাল আহমেদ। তাদের সবাই সিলেট জেলার কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। দূতাবাস জানিয়েছে, নিহতদের মৃতদেহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ২৯শে জুন রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হবে। মৃতদেহ বহনকারী বিমানটি ৩০শে জুন অর্থাৎ আজ সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এ বিষয়ে নিহতদের স্বজনদের সময়মতো বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস শ্রম কল্যাণ উইং। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন