ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে সোমবার দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্র জানায়, সকাল সাড়ে ১০ টার পর তিনি দুদকে প্রবেশ করেন। বিকাল ৩ টানপর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুসন্ধানের অংশ হিসেবে রফিকুল আমিনের সম্পদ, আয়-ব্যয়ের উৎস এবং অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার বক্তব্য নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।
এর আগে দুদক রফিকুল আমিনকে ২৯ জুন সকাল সাড়ে ১০টায় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করেছিল।
দুদক সূত্রে জানা যায়, রফিকুল আমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম কাজ করছে। টিমের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান। সদস্য হিসেবে রয়েছেন উপসহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মোল্যা।
