যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে রক্তপাত, গুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে রক্তপাত, গুলিতে নিহত ১

ফন্ট সাইজ:

উৎসবের আমেজ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্রে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জায়গাটি চলমান বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি বড় পর্দায় প্রদর্শনের জন্য ‘ফ্যান জোন’ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। রোববারের এই আকস্মিক হামলায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সান জোসের অন্যতম প্রাণকেন্দ্র সান পেড্রো স্কয়ারে ঘটনা ঘটে। স্বস্তির কথা হলো, হামলার সময় সেখানে কোনো খেলা চলছিল না। ওই দিনের একমাত্র নির্ধারিত ম্যাচটি ঘটনার কয়েক ঘণ্টা আগেই শেষ হয়ে যায়। সান জোসে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলে, ‘ঘটনাস্থলেই এক ভুক্তভোগীকে মৃত ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ভুক্তভোগীকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাটিকে আমরা একটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছি।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বেশ কয়েকটি ‘ওয়াচ পার্টি’র আয়োজন করা হয়েছে। সেখানে ম্যাচ দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ওই অঞ্চলে ইতিমধ্যেই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে আশেপাশের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বার বন্ধ করে দেয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত একজন নিরাপত্তা প্রহরী ঘটনার ভয়াবহ চিত্র বর্ণনা করে বলেন, ‘আমি আহত ব্যক্তিটিকে তীব্র যন্ত্রণায় ছটফট করতে দেখেছি। তার ঘাড় এবং পিঠের ওপরের অংশ রক্তে ভেসে যাচ্ছিল। পুলিশ তখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিল।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন