শ্রীমঙ্গলে হানিফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ২জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বিকেলে উপজেলার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের চা ভাস্কর্য এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার বাসিন্দা রাকিব (১৮), নাইম (১৮)। এ ঘটনায় তাদের সাথে থাকা সাব্বির নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পিছনের বাইকে থাকা তাদের বন্ধু রাকিব জানান, আমরা দুইটি মোটরসাইকেল করে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলাম। তারা একটি মোটরসাইকেলে ৩ জন ছিলো। শ্রীমঙ্গলে ঢুকার পথে চা কন্যার সামনে হঠাত করেই হানিফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তারা বাইক থেকে ছিটকে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা তাদের শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে আসলে দুইজনকে মৃত ঘোষণা করেন।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মামুন রহমান বলেন, নিহত দুইজন মোটরসাইকেলে ছিলেন বাসের সাথে সংঘর্ষে তারা মারা যান। আমরা হানিফ বাসটি আটক করেছি। নিহতদের লাশ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আছে। নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ নেয়ার জন্য আবেদন করেছে। এই বিষয়ে কাজ চলছে।
