জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী সন্তানকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে মা শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। রোববার ভোরে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শ্রাবন্তী আক্তার ওই এলাকার হুমায়ূন আহমেদের স্ত্রী।
জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে হুমায়ূন আহমেদের সঙ্গে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রোববার ভোররাত ৩টার দিকে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী শাওনকে নিয়ে ঘর থেকে বের হন। পরে তাকে হত্যা করে বাড়ির পাশে পুকুরে মরদেহ ফেলে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। পরে তিনি হেঁটে ভাবকি বাজারে পৌঁছালে নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে বাড়িতে ফিরে যেতে বলা হলেও তিনি সেখানে না গিয়ে এক অটোরিকশাচালকের বাড়িতে গিয়ে অটোরিকশা ভাড়া করার চেষ্টা করেন।
এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে বাড়িতে নিয়ে যায়। ভোর হতেই বাড়ির পাশে পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে স্থানীয়রা শ্রাবন্তী আক্তারকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে অভিযুক্ত শ্রাবন্তী আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শিশুটিকে হত্যা করে পালানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
